বরিশাল প্রতিনিধি।। বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার বিএমপি লাইন্সের প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে বিএমপির একটি চৌকস দল তাকে সালাম প্রদান করে। সালাম গ্রহণের পর তিনি বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কমিশনার বিএমপির প্রতিটি অফিসার ও ফোর্সকে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং ড্রেস রুলস অনুসরণের তাগিদ দেন। পাশাপাশি পেশাদারিত্ব, উত্তম আচরণ, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা এবং প্যারেড অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দিন, উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ ইউমদাদ হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।