নিজস্ব প্রতিবেদক।। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদক কারবারীকে আটকের পর জেলে না পাঠিয়ে সংশোধনের জন্য ৪০ দিনের তাবলীগ চিল্লায় পাঠিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে তাকে স্বাভাবিক জীবনে ফিরতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
ঘটনাটি আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকায়। অভিযুক্ত মঞ্জুর হোসেন (৩৮) ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
এর আগে দুইবার গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে আবারও পুরনো পেশায় ফিরে যান তিনি। এতে অতিষ্ঠ হয়ে গত শুক্রবার রাতে এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে।
খবর পেয়ে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে তার ছোট ভাই রাকিবুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে মঞ্জুরকে পুলিশের হাতে না দিয়ে সংশোধনের একটি সুযোগ দেওয়া হয়। এর অংশ হিসেবে তাকে ৪০ দিনের জন্য তাবলীগ জামাতের চিল্লায় পাঠানো হয় এবং তার পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
রাকিবুল ইসলাম বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়, অনেক ক্ষেত্রে সংশোধনের সুযোগও প্রয়োজন। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে চিল্লায় যাওয়ার সময় নিজের ভুল স্বীকার করে মঞ্জুর হোসেন বলেন, এলাকাবাসী যে সুযোগ দিয়েছে তা কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতে সঠিক পথে চলতে চান।