
নিউজ ডেস্ক।। দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদগুলোর মধ্যে রয়েছে নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।