প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১১:৫৩ পি.এম
চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন

চট্টগ্রাম ব্যুরো ।। চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ, মাঝে মাঝে ফাঁকা গুলি ছোঁড়ায় রণক্ষেত্র তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা অলিগলিতে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়ছে। রাস্তায় পুলিশের একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
পুলিশ জানায়, চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে। কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ জড়িত আসামিকে আটক করে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। আটক করে আসামিকে আনার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন। তাদের বলা হয়েছে, আইন অনুযায়ী আসামির বিচার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ গাজী আরিফুর রহমান । মোবাইল:+88-01719480910