প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৮:৫৪ পি.এম
ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক ।। কেপ ভার্দের ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি তদন্ত চলছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। এই খবর এমন সময় সামনে এল, যখন কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচের জন্য প্রহর গুনছে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত মার্চে, যখন কেপ ভার্দে দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল।
অভিযোগ অনুযায়ী, নিউজিল্যান্ডে বসবাসরত ব্রাজিলিয়ান এক নারীকে কেপ ভার্দে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য অনুবাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময় ধর্ষণের ঘটনাটি ঘটে। পাশাপাশি মেন্ডেস ওই নারীর কক্ষে প্রবেশ করে তাকে গলা চেপে ধরেন, ঘুষি মারেন ও কামড় দেন।
মেডিকেল রিপোর্টে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে, যেমন ঘাড়, ঠোঁট এবং অন্যান্য স্পর্শকাতর অংশে আঘাত ও ক্ষতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী নারী এবং তার স্বামী ১০ মে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে অভিযোগ, প্রমাণ এবং ঘটনার বিবরণসহ আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তবে তাদের দাবি, তারা কোনো জবাব পাননি।
গ্লোবো এসপোর্তে আরও দাবি করেছে যে, তাদের হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনে কেপ ভার্দে শিবিরের এক কর্মকর্তা অভিযোগকারীকে জানান, বিষয়টি ‘রায়ানের ব্যক্তিগত সমস্যা’। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, তারা অভিযোগটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে আগ্রহী ছিলেন না।
নিউজিল্যান্ড পুলিশ নিশ্চিত করেছে যে, এপ্রিল মাস থেকেই বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘আমরা বুঝতে পারছি যে বিষয়টি বর্তমানে নিউজিল্যান্ড পুলিশের তদন্তাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করার জন্য তারাই উপযুক্ত কর্তৃপক্ষ।’
সম্পাদক ও প্রকাশকঃ গাজী আরিফুর রহমান । মোবাইল:+88-01719480910