
বরিশাল প্রতিনিধি ।। ফুটপাত ও জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে বরিশাল নগরীর চরকাউয়া খেয়াঘাট এলাকায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের জন্য চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে বিসিসির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, চরকাউয়া খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
অভিযান শেষে প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফুটপাত কিংবা সড়ক দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরকাউয়া খেয়াঘাট এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হতো। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
Leave a Reply