
নিউজ ডেস্ক ।। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে আন্দোলনরত শিক্ষার্থীরা কার্যালয় থেকে বের করে দিয়েছেন। পরে তার কক্ষে পুনরায় তালা ঝুলিয়ে দিয়ে পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।
বুধবার (৮ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন ডা. এস. এম. মনিরুজ্জামান। যোগদানের পরদিন মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে তার পদায়নের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আন্দোলনকারীরা সেদিন বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
বুধবার সকালে ডা. মনিরুজ্জামান কার্যালয়ে এসে ঝুলিয়ে রাখা তালা ভেঙে নিজ কক্ষে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে সকাল ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুর প্রায় ২টার দিকে তারা পরিচালককে কার্যালয় ত্যাগের আহ্বান জানান। পরে তিনি অফিস থেকে বের হয়ে গেলে আন্দোলনকারীরা তার কক্ষে পুনরায় তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক উপপরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে। তার বিরুদ্ধে অতীতে শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তার পদায়ন বাতিলের দাবিতে আন্দোলন চলছে।
তিনি আরও দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ডা. মনিরুজ্জামানকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।
তবে এ বিষয়ে ডা. এস. এম. মনিরুজ্জামানের বক্তব্য জানা সম্ভব হয়নি। একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়েছে। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
Leave a Reply