
বরিশাল প্রতিনিধি।। উৎসবের ঈদ শেষে কর্মস্থলে ফিরতি যাত্রায় লঞ্চ ও বাসে উপচেপড়া ভিড়ের কারণে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। অতিরিক্ত বাস-লঞ্চ সংযুক্ত করেও মাত্রাতিরিক্ত যাত্রী চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
বাস টার্মিনালের দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যাত্রীরা পাচ্ছেন না টিকিট, লঞ্চেও একই অবস্থা। রোববারও চরম দুর্ভোগকে সঙ্গী করে বরিশাল ছাড়ছেন এখানকার বাসিন্দারা।
রোববার ৬টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে বন্দর ত্যাগ করেছে। তারপরও সাধারণ যাত্রীরা লঞ্চের কেবিনের টিকিট কিনতে পারেননি, ডেকেও ছিল না পা ফেলার জায়গা।
অন্যদিকে ৬০টি বাস কোম্পানির অধীনে ৬ শতাধিক বাস প্রতিদিন একাধিক ট্রিপ দিয়েও যাত্রী চাপ সামলাতে পারছে না। ফলে টার্মিনালগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট মিলছে না বাসের।
বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী শাহজাহান হাওলাদার বলেন, লঞ্চের টিকিট না পেয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়েও কোনো বাসের টিকিট কিনতে পারিনি। এখন কিভাবে ঢাকায় যাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
আরেক যাত্রী ইয়াসিন মোল্লা বলেন, বাসের টিকিট না পেয়ে লোকাল বাসে রওনা দিয়েছি। এভাবে যেতে চরম দুর্ভোগ হবে বলে জানান তিনি।
বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, স্বনামধন্য বাসের টিকিট না পাওয়া গেলেও বেশ কিছু পরিবহণের টিকিট পাওয়া যাচ্ছে। তারপরও কোনো যাত্রী টিকিট না পেলে আমরা ম্যানেজ করে দিচ্ছি।
বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে অতিরিক্ত লঞ্চ প্রস্তুত রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান তিনি।
Leave a Reply