
নিউজ ডেস্ক ।। দুই মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। রোববার (২৮ জুন) সকাল থেকে শ্রমিকদের এ কর্মসূচিতে রূপাতলী গোলচত্বর এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
সকাল ১০টার দিকে কারখানার প্রধান ফটক থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টারবাইন এলাকা হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রূপাতলী গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টার দিকে শ্রমিকরা সেখানে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এতে প্রায় তিন শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ জারির পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল এবং সার্ভিস বেনিফিট না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে, দ্রুত সব বকেয়া পাওনা পরিশোধ, কারখানা বিক্রি বা মালিকানা পরিবর্তন হলেও শ্রমিকদের চাকরি বহাল রেখে নতুন মালিকের কাছে কারখানা হস্তান্তরের নিশ্চয়তা এবং শ্রমিকদের সকল আইনগত অধিকার সংরক্ষণ।
সমাবেশে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং অলিম্পিক সিমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদারসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বক্তারা জানান, আগামী ৩০ জুন জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে সব শিল্প-কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে রূপাতলী গোলচত্বর এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply