
পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের কামড়ে আহত করে কুকুরটি। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কুকুরটি এখনো ধরা না পড়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলার আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), বগা এলাকার মুরসালিন (৯), জলিশা এলাকার তাইবা (৫), নিঝুম (১১)সহ মোট ১০ জন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের অধিকাংশই শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা-কালো রঙের একটি কুকুর সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে দৌড়ে বেড়িয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। আকস্মিক এ ঘটনায় অভিভাবকরা শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না। আতঙ্কে অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হচ্ছেন না।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল আলম শাহীন বলেন, “এ পর্যন্ত ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে কুকুরটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য জানানো হয়েছে।”
দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে খুব দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে কুকুরটি এখনও ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। জননিরাপত্তার স্বার্থে দ্রুত কুকুরটিকে আটক অথবা নিয়ন্ত্রণে এনে সম্ভাব্য আরও দুর্ঘটনা প্রতিরোধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply