
বরিশাল প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির বিরুদ্ধে স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও পাউরুটি আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়ে তার দেওয়া লিখিত কৈফিয়তের জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে গত ২৯ জুন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় বিভাগীয় কার্যক্রম শুরু করে।
জানা গেছে, গত ২৫ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির ব্যক্তিগত ব্যাগে স্কুল ফিডিং কর্মসূচির ২৪টি ডিম ও ২২ পিস পাউরুটি পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পরদিন ২৬ জুন জাতীয় দৈনিকসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত প্রধান শিক্ষিকার কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়, প্রকাশিত ঘটনার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রধান শিক্ষিকা তার লিখিত ব্যাখ্যা দাখিল করলেও তা সন্তোষজনক বিবেচিত হয়নি। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় মামলা রুজু করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত বিভাগীয় নোটিশে বলা হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের বিশেষ কর্মসূচির খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করছেন।
Leave a Reply