
গাজী আরিফুর রহমান।। বরিশাল নগরীর চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে মারধর এবং বাধা দিতে গেলে দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার্থীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। ঘটনার পর আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আবু জাফরের ছেলে মাশরাফি একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। কয়েকদিন আগে সহপাঠীদের সঙ্গে তার কথাকাটাকাটির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়ে আবু জাফর বিদ্যালয়ে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই তিনি সরাসরি পঞ্চম শ্রেণির কক্ষে ঢুকে শিক্ষার্থী সানীম, অভি শীল ও শাহাদাত হোসেনের ওপর হামলা চালান। এ সময় শ্রেণিকক্ষজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার শুরু করলে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, দুই দিন আগে শিক্ষার্থীদের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আবু জাফর বিদ্যালয়ে এসে তিন শিক্ষার্থীকে মারধর করেন। তাকে থামাতে গেলে শ্রেণিশিক্ষক শাহিন হোসেন ও শিক্ষক মহিউদ্দিনকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন বলেন, একজন অভিভাবকের এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। শ্রেণিকক্ষে ঢুকে শিশুদের মারধর এবং শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
হামলায় আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত আবু জাফর এরই মধ্যে পালিয়ে যান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, শিক্ষার পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply